কালিহাতী থেকে জাহাঙ্গীর আলম:
টাঙ্গাইলের কালিহাতীতে মারধরের ঘটনায় আহত হওয়ার চার দিন পর কোরাইনা আলী (৬৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে উপজেলার রামপুর বিলপাড়া এলাকায় নিজ বাড়িতে মারা যান তিনি। নিহত কোরাইনা আলী ওই এলাকার মৃত মধু মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৩ আগস্ট বিকেলে বল্লা ইউনিয়নের দড়ি খরশিলা দক্ষিণপাড়া এলাকায় একটি চকে জোয়ার খেলার স্থানে কোরাইনা আলীর ওপর হামলার ঘটনা ঘটে। জুয়া খেলার বোর্ডের টাকা নিয়ে বিরোধ এবং আগের একটি বিরোধের জেরে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় শফিকুল ইসলাম ওরফে ধলা, রফিকুল ইসলাম, শাহিনুর রহমান শাহী এবং মো. লিটনের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে।
হামলার পর গুরুতর আহত অবস্থায় কোরাইনা আলীকে স্বজনরা টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে যান। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ৪ আগস্ট ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাঁকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়।
চিকিৎসাধীন অবস্থায় অবস্থার উন্নতি না হওয়ায় পরদিন ৫ আগস্ট চিকিৎসকদের পরামর্শে তাঁকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। এরপর শুক্রবার রাতে নিজ বাড়িতেই তাঁর মৃত্যু হয়।
এদিকে মৃত্যুর ঘটনায় মারধরের অভিযোগটি নতুন করে গুরুত্ব পেয়েছে। তবে মারধরের কারণে তাঁর মৃত্যু হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, বৃদ্ধের মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর কারণ নির্ণয়ের পাশাপাশি ঘটনার সঙ্গে অভিযুক্তদের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দেশ বাংলা টিভি ডেক্স